রাজশাহীর পবায় অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবার নওহাটা এলাকায় অবস্থিত ‘তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারি’ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করছে। এছাড়াও, পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে, বায়া বাজার এলাকায় অবস্থিত ‘সামিউল খালেক বেকারী’কে বিএসটিআই’র সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মনির হোসেন মাহিন/কেজে/এএসএম








