টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপন করতে গিয়ে ‘থ্রিপিস’ পরে নাচার দায়ে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম খন্দকার আমিনুল ইসলাম মিন্টু। তিনি উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।৫ জুলাই উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিজয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু নারীদের পোশাক (থ্রিপিস) পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। তার সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। বিষয়টি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।এ বিষয়ে জানতে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।