নরসিংদী সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে নাসির ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুলাই) দুপুরে সাটিরপাড়া এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দেখা যায় কারখানার সব উৎপাদন যন্ত্র সচল থাকলেও বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ রাখা হয়েছে। এমনকি ইটিপি পরিচালনার দায়িত্বে থাকা অপারেটরকেও কর্মস্থলে পাওয়া যায়নি। সরাসরি অপরিশোধিত বর্জ্য নিঃসরণ পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী এই অপরাধের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন, ‘শিল্পকারখানার বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি সার্বক্ষণিক চালু রাখা আইনগত বাধ্যবাধকতা। পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘন বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নরসিংদী মডেল থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পকারখানাগুলোকে অবশ্যই পরিবেশগত বিধিবিধান মেনে পরিচালনা করতে হবে।