যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট (বিজি-২০৮) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই ফ্লাইট চালু হয়েছে। সিলেটবাসীর প্রতি আমাদের প্রধানমন্ত্রীর একটি আলাদা সফট কর্ণার আছে। আমরাও সেই সফট কর্ণারের মধ্যে চলে এসেছি।’তিনি জানান, প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই রুট চালুতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এই সেবা চালু রাখতে বিমান লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে, যাতে ভবিষ্যতে ফ্লাইট বন্ধের আশঙ্কা না থাকে।ফ্লাইটটিতে আসা ২৬৮ জন যাত্রীর মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় যান। যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর সরাসরি ফ্লাইট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা।হিথ্রো থেকে ঢাকা ও সিলেটের ভাড়ার ব্যাপক পার্থক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে ভাড়া আরও কমানো যায় কি না, সেদিকে নজর দেওয়া হচ্ছে।’ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই কাজ শেষ হলে বিদেশি অনেক ফ্লাইটও সরাসরি সিলেটে আসবে। সিলেটকে পূর্ণাঙ্গ পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।’বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।’ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত ১ মার্চ হজ ফ্লাইটের স্বার্থে সাময়িকভাবে রুটটি বন্ধ ছিল। আপাতত সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালিত হবে।