মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে ‘ক্যাশলেস লেনদেন’ চালু হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
রবিবার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, “বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এটি সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও চালু করা হবে।”
আইজি প্রিজনস জানান, বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধন বজায় রাখতে এ উদ্যোগ বলে জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা , ডেপুটি জেলার মো. মনিরুজ্জামান প্রমুখ।








