নির্বাচনে ভরাডুবির পর দলীয় সব পদ ও রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তারা। এবার বিজেপিতে যোগদান করলেন মমতা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস ত্যাগী তিন সংসদ সদস্য- সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপির পতাকা তুলে নেন তারা। 

রাজ্যসভায় তৃণমূলের ধস নামিয়ে, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লোকসভায় তৃণমূলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে সুখেন্দু শেখরকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা যন। তার পর পরই রাজ্যসভার সদস্যপদ ও দলের সদস্যপদ ছাড়েন সুস্মিতা দেব। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিলেন। পদ ছেড়েছিলেন প্রকাশ চিক বরাইকও।

সম্প্রতি তাদের তিন রাজ্যসভার আসনেই উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। আগামী ২৪ জুলাই ভোট।  ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ, বিধায়ক সংখ্যা এবং  তৃণমূল শিবিরে ভাঙনের জেরে ঘাসফুল শিবির প্রার্থীই দিতে পারবে না। তার ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল করার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল।

ভোট ঘোষণার পরেই জল্পনা ছিল প্রকাশ চিক এবং সুখেন্দু শেখর এবার ভোটে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে। যদিও প্রাথমিকভাবে দু’জনেই এই প্রসঙ্গে মুখ না খুললেও, বৃহস্পতিবার সেই জল্পনা তীব্র হয়েছে। ছেড়ে আসা আসনেই, এবার ভোট লড়বেন তারা? যদিও দলে যোগদানের পরেও, এই বিষয়ে মুখ খুললেন না কেউই। তবে বিজেপি সূত্রের খবর পদত্যাগী তিনজন বিজেপিতে যোগদানের পর তাদেরকেই ফের মনোনয়ন দিতে চলছে বিজেপি। 

যোগদান কর্মসূচি শেষে শমীক ভট্টাচার্য বলেন, বাংলার উন্নতির জন্য     “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর বিশ্বাস রেখে এই তিন জন যোগ দিচ্ছেন বিজেপিতে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের একমাত্র পরিচয়, তারা বিজেপি কর্মী।”