রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ জুলা) রাতে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন সাইফুর রহমান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন সাদিয়া ইসলাম মুন।

বিজ্ঞান ইউনিটের সেরা পাঁচজন

প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, বিজ্ঞানে সেরা হয়েছেন সাইফুর রহমান। দ্বিতীয় হয়েছেন মোছা. রোকেয়া খাতুন মারুফা, তৃতীয় সালমান রহমান মুন, চতুর্থ শারমিন আহমেদ এবং পঞ্চম স্থানে রয়েছেন ফারজানা ইয়াসমিন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে সেরা পাঁচ

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ব্যবসায় শিক্ষায় সেরা হয়েছেন সাদিয়া ইসলাম মুন। দ্বিতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস উর্মি, তৃতীয় সাদিয়া আক্তার, চতুর্থ সঞ্চিতা এবং পঞ্চম স্থানে রয়েছেন মো. আদনান রহমান। তবে তারা কে, কত নম্বর পেয়েছেন সেটি জানা যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এদিন বেলা ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন

সেন্ট্রাল ইউনিভার্সিটি / ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে ফেল ৭৫%, ব্যবসায় শিক্ষায় ৬৭%

শনিবার রাতে এ দুটি ইউনিটের ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে ২৪ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে পাস করেছেন ৬ হাজার ১৩ জন। ফেল করেছেন ১৮ হাজার ২৯০ জন। এছাড়া একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি অনুপস্থিত ছিলেন চার হাজার ৭৩১ জন। বিজ্ঞান ইউনিটে ফেলের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ৯ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২০৮ জন পাস করেছেন। ছয় হাজার ৫০৭ জন ফেল করেছেন। আর ৮২৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এবং এক জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটে ফেলের হার প্রায় ৬৬ দশমিক ৯৭ শতাংশ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটে মোট ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৯৯৭টি আসন রয়েছে।

এএএইচ/এমআইএইচএস