পরামর্শ
বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ার প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই শুধু ভালো ফল করলেই হবে না, আবেদনপত্রের প্রতিটি কাগজপত্রও হতে হবে সঠিক ও নির্ভুল। প্রতিটি বৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া আলাদা হলেও কিছু নথি প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ট্রান্সক্রিপ্ট, সনদ ও রিকমেন্ডেশন লেটার সংগ্রহে সময় লাগে। তাই আগে থেকে সব নথি গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।
প্রথমে প্রয়োজন পাসপোর্ট। এটি আন্তর্জাতিক পরিচয়ের প্রধান দলিল। ভিসা ও অন্য প্রক্রিয়ার সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ অন্তত আরও দুই থেকে তিন বছর থাকা ভালো।
এরপর প্রয়োজন একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ। এসএসসি, এইচএসসি এবং স্নাতক (বা স্নাতকোত্তর) পর্যায়ের সব সনদ প্রস্তুত রাখুন। অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষায় সনদ চায়। সনদ বাংলায় হলে স্বীকৃত অনুবাদক দিয়ে ইংরেজিতে অনুবাদ করে নোটারি করিয়ে নিন।
রিসার্চ প্রপোজাল: মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে গবেষণার বিষয়, সমস্যা, পদ্ধতি ও সম্ভাব্য ফল উল্লেখ করতে হয়।
মেডিকেল সার্টিফিকেট: জাপান (মেক্সট), অস্ট্রেলিয়া বা কানাডার কিছু বৃত্তি ও ভিসা-প্রক্রিয়ায় এটি প্রয়োজন হয়।
অভিজ্ঞতার সনদ ও পোর্টফোলিও: আর্কিটেকচার, ডিজাইন বা ব্যবসায় শিক্ষাসংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারীদের জন্য এগুলো বাড়তি সুবিধা এনে দিতে পারে।
আবেদনের শেষ সময় পার হওয়ার পর কাগজপত্র জমা দেওয়া বড় ভুল। এ ছাড়া দুর্বল বা অস্পষ্ট এসওপি, ভুল থাকা ট্রান্সক্রিপ্ট, সাধারণ মানের রিকমেন্ডেশন লেটার এবং অসম্পূর্ণ তথ্য আবেদনকে দুর্বল করে দিতে পারে।
অনেকে মনে করেন, ভালো আইইএলটিএস স্কোর থাকলেই বৃত্তি পাওয়া সহজ। বাস্তবে একাডেমিক ফল, গবেষণার অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমও সমান গুরুত্ব পায়।
বৃত্তির আবেদন দীর্ঘ একটি প্রক্রিয়া। তবে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখলে অনেক জটিলতা এড়ানো যায়। তাই ধাপে ধাপে প্রস্তুতি নিন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এবং সময়মতো আবেদন সম্পন্ন করুন।
তথ্যসূত্র: বাইরে পড়ব






