দোহারের মাহমুদপুর ইউনিয়নের পদ্মা নদীর একটি শাখা খালে গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী মো. মারুফ (১৬) নিখোঁজের ১৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী মাহমুদপুর ইউনিয়নের চরবৈতার সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ চলতি বছর দোহারের চর লটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শুক্রবার বিকালে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। শনিবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মারুফের লাশ উদ্ধার করে। দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার মারুফের লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।








