জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাম্পাসে চলাচলকারী বাসগুলোর রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাকসু, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা এবং ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে সহযোগিতাকারী ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার জীবন, আর জীবনের পর মানুষের সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে।
তিনি বলেন, এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে, পরিকল্পিতভাবে যাতায়াত করা সম্ভব হবে এবং পরিবহনসেবার মান আরও উন্নত হবে।
উপাচার্য আরও বলেন, এই ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে কোনো গাড়ি গেলে তা সহজেই শনাক্ত করা যাবে। এতে জ্বালানি অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমবে, পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনা আরও দক্ষ হবে। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতেও গাড়ির অবস্থান দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি নতুন প্রযুক্তির উদ্বোধন নয়; এটি যেন নিয়মিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালিত হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, পরিবহন শাখার সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে এই সেবার ধারাবাহিকতা বজায় রাখবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলবেন।
অনুষ্ঠানে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। জাকসু দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবহন খাতকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইলেকট্রিক কার্ট, অটোরিকশা চালুর উদ্যোগের ধারাবাহিকতায় আজ লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এএসএম








