জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বানুমতি ছাড়া সদর দপ্তরে আগমনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে এক অফিস আদেশ জারি করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি জারি করা ওই অফিস আদেশে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে মাঠ পর্যায়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই এবং কোনো দাপ্তরিক কারণ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডে আসছেন। এতে বোর্ডের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা ও শিষ্টাচার পরিপন্থি বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

জ্বালানি প্রতিমন্ত্রী / সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফার সই করা ওই আদেশে বলা হয়, এ পরিস্থিতিতে দাপ্তরিক বা ব্যক্তিগত যে কোনো কারণে জাতীয় রাজস্ব বোর্ডে আগমনের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী বা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

অফিস আদেশে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএম/কেএসআর