বাংলাদেশকে একটি বিশ্বমানের বিনিয়োগবান্ধব দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বৃহস্পতিবার রাজধানী বনানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর ৩১তম বার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন। ?ব্যবসার ব্যয় কমিয়ে আনার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, সরকারের মূলনীতি হলো আমলাতন্ত্র এবং নিয়ন্ত্রণমুক্তকরণের একটি উন্নত নীতি কাঠামোর মাধ্যমে ব্যবসা করার খরচ কমানো, যার ফলে ব্যবসা করার সহজতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস তথা ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই সুস্পষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু দৃশ্যমান সাফল্য এসেছে বলে জানান মাহ্দী আমিন। তবে এসব লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা দেশজুড়ে বৃহৎ পরিসরে বাস্তবায়ন করতে বেসরকারি খাতের ব্যাপক সমর্থন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। বাজেট ও অর্থনৈতিক নীতিমালার কথা উল্লেখ করে মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী তার প্রথম বাজেটের মাধ্যমেই সরকারের ভবিষ্যৎ রূপকল্প স্পষ্টভাবে তুলে ধরেছেন। যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দৈনন্দিন খরচ ও দ্রব্যমূল্য কমানোর ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। মাহ্দী আমিন আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে নিয়ন্ত্রণমুক্তকরণ এবং অর্থনৈতিক উদারীকরণের জন্য সরকার বড় ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। আগামী দিনগুলোতে সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে আরও বাস্তব প্রতিফলন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্ষিক কাউন্সিলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আইসিসিসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।