বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। একই সঙ্গে বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমানের অপসারণ দাবি করা হয়েছে।
সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, অর্থ সম্পাদক লায়ন মুহাম্মদ নুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক জিকরুল হাবিবিল ওয়াহিদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সংগ্রাম কমিটির দপ্তর সম্পাদক নোমান উল্লাহ্ বাহার স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের কৃতীসন্তান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যবসায়ী সমাজ ও চট্টগ্রামবাসীদের আশ্বস্ত করেছিলেন যে, বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকবে। কিন্তু সেই আশ্বাস ও নির্দেশনাকে উপেক্ষা করে বিপিসির চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের সুপারিশ সংবলিত প্রতিবেদন দিয়েছেন। এটি চট্টগ্রামবাসীর সঙ্গে প্রতারণার শামিল।
তারা বলেন, বিপিসির চেয়ারম্যানের এই ভূমিকা চট্টগ্রামবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। তাই অবিলম্বে তাকে অপসারণের পাশাপাশি বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে নিয়ে চট্টগ্রামের স্বার্থরক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।








