দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা **‘ফৌজি’**-এর শুটিং সেটে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিশিষ্ট ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালে বিষাক্ত পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির হস্তক্ষেপ কামনা করে ঘটনার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, যদি তদন্তে প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্টদের অবহেলা কিংবা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্থাপন করা হয়েছে। সংগঠনের ভাষ্য, শুটিং চলাকালে রাজেশ শর্মার শারীরিক অবস্থার এতটাই অবনতি হলে তাকে হায়দরাবাদের কোনো উন্নত হাসপাতালে দ্রুত ভর্তি না করিয়ে কেন কলকাতায় যাওয়ার সুযোগ দেওয়া হলো? শুটিং সেটে পর্যাপ্ত জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসাকর্মী ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। পাশাপাশি শুটিংয়ের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ছিল কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

এআইসিডব্লিউএ জোর দিয়ে বলেছে, কোনো চলচ্চিত্রের বাজেট বা তারকাখ্যাতির চেয়ে শিল্পী ও কলাকুশলীদের জীবন এবং নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা। তাদের দাবি, শুটিং সেটে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের হলেও কাজ হারানোর আশঙ্কায় অনেক কর্মী মুখ খুলতে সাহস পান না। তাই রাজেশ শর্মার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় প্রযোজনা সংস্থার বহন করা এবং তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, বিষাক্ত পোকার কামড়ে সৃষ্ট তীব্র সংক্রমণের কারণে রাজেশ শর্মা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

**সূত্র: এনডিটিভি**

The post বিষাক্ত পোকার কামড়ে সংকটাপন্ন রাজেশ শর্মা, ‘ফৌজি’ সেট নিয়ে তোলপাড় appeared first on ZoomBangla.