২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর ক্ষোভে ফুঁসছে দক্ষিণ কোরিয়া। তারই জেরে প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। অধিনায়ক সন হিউং-মিনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। সহআয়োজক হিসাবে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কোরিয়া। এবার তারা সেরা আট তৃতীয় দলের একটি হিসাবেও নকআউটে উঠতে পারেনি। শেষ ম্যাচে ড্র করলে চলত। কিন্তু অপেক্ষাকৃত কমজোরি দল দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় দলটি।

সেই ব্যর্থতায় দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং ‘অযোগ্য ব্যক্তিদের’ দায়ী করে জাতির কাছে ক্ষমা চান। সাবেক অধিনায়ক পার্ক জি-সুং বলেন, ‘বছরের পর বছর ধরে যে শিক্ষা পেয়েছিলাম, তা আমরা ভুলে গেছি।’ আর ২০০২ দলের সদস্য লি চুন-সু বলেন, ‘এটি পরিবর্তনের বার্তা। সবারই সরে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকা উচিত।’ ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে সমালোচনায় ছিলেন হং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সনকে বেঞ্চে বসানোর সিদ্ধান্তও ব্যাপক বিতর্কের জন্ম দেয়। দেশে ফেরার পর দলকে সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। সমর্থকদের বড় অংশের ক্ষোভ কেএফএ সভাপতি চুং মং-গ্যুর দিকেও, যিনি আগেই বিশ্বকাপের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। আগামী মাসে ৩৪ বছরে পা দিতে যাওয়া সনের অবসর নিয়েও জল্পনা বাড়ছে।