বিশ্বকাপ এখন ‘ছোট পরিবার’। তুমুল নাটকীয়তা, স্বপ্নভঙ্গ, বিতর্ক ও রোমাঞ্চের নানা বাঁক পেরিয়ে ৪৮ দলের টুর্নামেন্টে টিকে আছে আটটি দল। ম্যাচও বাকি আটটি। শেষ ষোলোর লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। আজ শুরু হচ্ছে শেষ আটের লড়াই। এশিয়ার বিদায়ঘণ্টা বেজেছিল শেষ বত্রিশেই। শেষ ষোলো থেকে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিদায়ে উত্তর আমেরিকাও দর্শক হয়ে গেছে বিশ্বকাপে। তবে ইউরোপের জয়জয়কারের মধ্যেও কোয়ার্টার ফাইনালে আছে তিন মহাদেশের প্রতিনিধি। দক্ষিণ আমেরিকা থেকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকা থেকে শেষ আটে উঠেছে মরক্কো। বাকি ছয় দল ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড ইউরোপের প্রতিনিধি। তবে শেষ আটে এটা ইউরোপের সেরা সাফল্য নয়। ১৯৩৪ বিশ্বকাপে শেষ আটের সব দলই ছিল ইউরোপের। এছাড়া ১৯৫৮ ও ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইানালে উঠেছিল ইউরোপের সাতটি দল।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় বোস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ফ্রান্স ও সেমিফাইনালস্টি মরক্কো। আগামীকাল রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দেখা হবে স্পেন ও বেলজিয়ামের। এ দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে সেমিফাইনালে। অন্য সেমিফানালে দেখা হবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ীদের। মায়ামিতে শনিবার রাত ৩টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও নরওয়ে। রোববার সকাল ৭টায় কানসাস সিটিতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে শেষ আটের লড়াই। ফেভারিটরা জিতলে সেমিফাইনালে দেখা যাবে ফ্রান্স-স্পেন ও আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। তবে শেষ ষোলোর অভিজ্ঞতা বলছে, প্রত্যাশিত ছকে না-ও এগোতে পারে বিশ্বকাপ।
মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা পরের ১৪ মিনিটে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারলে ঝরে পড়া নক্ষত্রের তালিকায় নাম উঠে যেত লিওনেল মেসির। আগের রাউন্ডে পুঁচকে কেপ ভার্দেকে হারাতেও ১২০ মিনিট লড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার তবু ভাগ্য ভালো। নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে বিদায় নিতে হয়েছে শেষ ষোলো থেকে। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে এই রাউন্ডে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে প্রথমবার তারা শেষ আটে উঠেছে। বাকি সাত দলের কোয়ার্টার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সুইজারল্যান্ড শেষ আটের মঞ্চে ফিরেছে ৭২ বছর পর। শেষ ষোলোর আট ম্যাচের ছয়টিই ছিল রোমাঞ্চে ঠাসা। মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ড, প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে স্পেন জিতেছে এক গোলের ব্যবধানে। সহজ জয় পেয়েছে শুধু বেলজিয়াম ও মরক্কো। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটি জিতেছে শুধু গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। পাঁচ ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আর্জেন্টাইন মহানায়ক মেসি। সমান সাত গোল নিয়ে তাকে তাড়া করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের হলান্ড। শেষ আটে গোল্ডেন বুটের লড়াই জমবে আরও।








