বিশ্বকাপ যতদিন থাকবে ততদিন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার অতিমানবীয় পারফরম্যান্সের কথা স্মরণ করবে পুরো বিশ্ব। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়েক রুখে দেওয়া ভোজিনহা, মেসির আর্জেন্টিনাকেও প্রায় হারিয়েই দিয়েছিলেন। ভাগ্য তাদের পক্ষে থাকলে কেপ ভার্দের ইতিহাস হয়তো আজ অন্যরকমভাবে লেখা হতো।
কিন্তু, ভোজিনহার রূপকথার মতো বিশ্বকাপ যাত্রা এবার নতুন মোড় নিতে পারে। স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি।
যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে ৪০ বছর বয়সী ভোজিনহা ক্লাব ফুটবলে মেসির সতীর্থ হবেন। বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে খেলার কয়েক দিনের মধ্যেই মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ পেতে পারেন তিনি।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। বিশেষ করে স্পেনের বিপক্ষে সাতটি অসাধারণ সেভ করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।
শেষ ৩২-এ আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও ভোজিনহা আবারও নজর কেড়েছিলেন। মেসিসহ আর্জেন্টিনার আক্রমণভাগের একের পর এক প্রচেষ্টা ঠেকিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন। তার এই পারফরম্যান্স আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রশংসা পায়।
ভোজিনহা সম্প্রতি পর্তুগালের চিভাসেরর সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। এখন সবকিছু ঠিক থাকলে, তার পরবর্তী গন্তব্য হতে পারে ইন্টার মায়ামি।
আরআর/আইএইচএস/এএমএ








