টেস্ট খেলতে পারেননি, টি-টোয়েন্টি সিরিজ থেকে লিটন কুমার দাস নিজেই ছুটি নিয়েছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না জেনেই জিম্বাবুয়ে গেলেন! এখন জানা গেল ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটক গেছেন তিনি!
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন লিটন দাস।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। আজ (বুধবার) তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুইটি ওয়ানডে থাকায় আমরা মনে করছি না, এই সময়ের মধ্যে সে ম্যাচ খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবে।
চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে লিটন দেশে ফিরবেন। তার পরিবর্তে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই।
এর আগে, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে চোট পান লিটন। যে কারণে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি তার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেও খেলা হলো না এই উইকেটরক্ষক ব্যাটারের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হেরে বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এসকেডি/এএমএ








