ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে চলমান রেফারিং বিতর্ককে গুরুত্ব না দিয়ে বলেছেন, আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারিরা নয়। ফিফা এই ম্যাচ পরিচালনার জন্য আর্জেন্টিনার ফাকুন্দো তেয়োকে প্রধান রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে।
কোয়ার্টার ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে রেফারিদের নিয়োগ নিয়ে দেশম বলেন, রেফারিদের নিয়োগ হয়ে গেছে। এ নিয়ে আমাদের কিছুই করার নেই। তাই আমি রেফারিদের ওপরই আস্থা রাখতে চাই।
বিশ্বকাপে বাইরের কোনো প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে ফ্রান্স কোচ বলেন, তিনি আশা করেন রেফারিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তবে তার মূল চিন্তা রেফারি নয়, বরং প্রতিপক্ষ মরক্কো।
দেশম বলেন, মরক্কো খুবই কঠিন প্রতিপক্ষ। তাদের দলে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যাদের অনেকেই ফরাসি ফুটবলারদের খুব ভালোভাবে চেনে।
সাম্প্রতিক রেফারিং বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলে এমন সিদ্ধান্ত সবসময়ই থাকে, যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে। সবকিছু নির্ভর করে আপনি কোন দলের সমর্থক তার ওপর। কিন্তু আমার কাছে প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। বরং রেফারির কাজ হলো খেলার আইন যতটা সম্ভব নিরপেক্ষভাবে প্রয়োগ করা।
সংবাদ সম্মেলনে দেশমকে রেফারিং বিতর্ক নিয়ে একাধিক প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্তও হন। বিশেষ করে আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি লেতেক্সিয়ের পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, আশা করি আমাদের ম্যাচের রেফারিরাও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই ভালো দায়িত্ব পালন করবেন।
বিশ্বকাপে রেফারিং নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি জানিয়েছে মিশর।
এছাড়া, ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মরক্কোর সেমিফাইনাল ম্যাচেও পেনাল্টির সিদ্ধান্ত ও ভিএআর ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা হয়।
তবে, এসব বিতর্কের মধ্যেও দেশমের বার্তা স্পষ্ট- ফ্রান্সের পূর্ণ মনোযোগ এখন শুধুই মরক্কোর বিপক্ষে মাঠের লড়াইয়ে।
আরআর/আইএইচএস/এএমএ








