কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রাজিল-জাপান বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে প্রকৌশলীর মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।
সোমবার (২৯ জুন) দিনগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
প্রকৌশলী আরিফুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আবু বকর সিদ্দিকের একমাত্র ছেলে। তিনি পাকুন্দিয়া সদরে অবস্থিত টোয়েন্টি টেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আরিফুল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ২টার দিকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে আসা তিনজন তার পথরোধ করে। তখন তিনি মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করলে একজন চাপাতি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তিনি মোটরসাইকেল ফেলে দৌড় দিলে একজন অনেক দূর পর্যন্ত তাকে ধাওয়া করে। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে তিনজন পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান বলেন, রাতে ফোন পাওয়ার পর সংশ্লিষ্ট টহল টিমকে ওয়্যারলেসের মাধ্যমে তাৎক্ষণিক বার্তা দেওয়া হয়। পরে একটি মোটরসাইকেল আটক করে তাকে দেখানো হলেও সেটি তার মোটরসাইকেল নয় বলে জানান। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








