বিশ্বকাপের শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দীর্ঘদিনের রাত জাগা, উত্তেজনা আর অপেক্ষার পর এবার শিরোপা নির্ধারণের পালা। এমন জমজমাট ফাইনাল ম্যাচে শুধু খেলা দেখলেই হবে না, সঙ্গে চাই দারুণ কোনো মুখরোচক খাবারও। তাই ফাইনালের রাতকে আরও বিশেষ করে তুলতে ঘরেই বানিয়ে নিতে পারেন স্পেনের ঐতিহ্যবাহী ক্রোকেতাস।
ক্রিমি সস, মুরগি মাংসের পুর এবং বাইরে সোনালি, মুচমুচে ব্রেডক্রাম্বের আবরণ-এই তিনের অসাধারণ সমন্বয়ে তৈরি হয় স্পেনের জনপ্রিয় এই স্ন্যাকস। বাইরে কড়কড়ে, ভেতরে নরম ও ক্রিমি টেক্সচারের কারণে একবার খেলেই এর স্বাদ মনে গেঁথে যায়।
বন্ধু বা পরিবারের সঙ্গে টিভির সামনে বসে ফুটবল উপভোগ করার সময় গরম গরম ক্রোকেতাসের সঙ্গে ডিপ বা সস পরিবেশন করলে ফাইনালের আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যাবে।আর বিশ্বকাপের শেষ রাতটিকে করে তুলবে আরও স্মরণীয়।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে ক্রোকেতাস কীভাবে তৈরি করবেন-
উপকরণ
- মুরগির মাংস ছোট টুকরো করা ২ কাপ
- মাখন ১ কাপ
- ময়দা ১ কাপ
- তরল দুধ ৬ কাপ
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- জায়ফল গুঁড়া সামান্য
- ডিম ৩-৪টি
- লবণ স্বাদমতো
- ব্রেডক্রাম্ব পরিমাণমতো
- তেল ভাজার জন্য (অলিভ অয়েল বা সাধারণ সয়াবিন তেল)
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিন। মাঝারি আঁচে নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ময়দা দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন, যাতে ময়দার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এবার অল্প অল্প করে হালকা গরম দুধ ঢালুন এবং হ্যান্ড হুইস্ক বা বিটার দিয়ে ক্রমাগত নেড়ে যান। এতে মিশ্রণে কোনো দলা হবে না এবং ধীরে ধীরে এটি ঘন ও ক্রিমি হয়ে উঠবে।
মিশ্রণটি ঘন হলে এতে সেদ্ধ করা মুরগির কুচি বা হ্যামের টুকরো, লবণ, গোলমরিচ এবং সামান্য জায়ফল গুঁড়ো মিশিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে নেড়ে এমনভাবে রান্না করুন, যাতে মিশ্রণটি প্যানের গা ছেড়ে ডো-এর মতো আঠালো হয়ে যায়।
চুলা থেকে নামিয়ে মিশ্রণটি একটি ছড়ানো পাত্রে ঢেলে দিন। ওপরে প্লাস্টিক র্যাপ লাগিয়ে অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে এটি ভালোভাবে শক্ত হয়ে যায়।
আরও পড়ুন
বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা
এরপর ফ্রিজ থেকে বের করে মিশ্রণটি লম্বাটে বা গোল আকৃতিতে গড়ে নিন। প্রতিটি টুকরো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেডক্রাম্বে ভালোভাবে গড়িয়ে চারপাশ সমানভাবে কোট করুন। সবশেষে একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ক্রোকেতাসগুলো ডুবো তেলে ভাজুন। চারপাশ সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন। পছন্দের ডিপ বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন
আর্জেন্টিনার খাবার এমপানাদাসে জমে উঠুক বিশ্বকাপ ফাইনালের আড্ডা
এসএকেওয়াই








