স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। তবে এই পরাজয়ের পরও নিজের খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। তার মতে, ভাগ্য একটু সহায় হলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে পারতো।
ডালাসে ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘সমর্থকদের জন্য আমার বার্তা হলো — আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্ব করা উচিত। তারা হৃদয় উজাড় করে খেলেছে। এটি বিশ্বকাপে আমাদের সেরা ম্যাচ ছিল। এমন একটি ভারসাম্যপূর্ণ ম্যাচে বল পোস্টে লাগবে নাকি জালে যাবে, সেটাই সব পার্থক্য গড়ে দেয়।’
স্পেনের জয়ের গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। পুরো ম্যাচে পর্তুগাল গোলমুখে মাত্র দুটি শট নিতে পেরেছিল, দুটিই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। শেষ মুহূর্তে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অতিরিক্ত সময়ে যাওয়ার সুযোগও হাতছাড়া হয়।
মার্তিনেজ আরও বলেন, ‘আমার মনে হয় খেলোয়াড়রা অতিরিক্ত সময়ে যাওয়ার যোগ্য ছিল। তারা যে পরিশ্রম ও নিবেদন দেখিয়েছে, তাতে আমরা গর্বিত। এটাই ফুটবল, আমাদের এটি মেনে নিতে হবে।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির সুরে তিনি যোগ করেন, ‘আমরা রক্ষণে অসাধারণ খেলেছি। বল ছাড়া আমরা খুবই আক্রমণাত্মক ছিলাম এবং বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার একটি দলের বিপক্ষে সমানে সমান লড়াই করেছি। শেষ তৃতীয়াংশে আমাদের শুধু একটু বেশি ভাগ্যের দরকার ছিল। ম্যাচটি যেকোনো দল জিততে পারতো, আর আমরা অতিরিক্ত সময়ে যাওয়ার প্রাপ্য ছিলাম।’
এই হারের মাধ্যমে টানা পঞ্চম বিশ্বকাপেই প্রত্যাশার আগেই বিদায় নিতে হলো পর্তুগালকে। দেশটির ইতিহাসে মাত্র দুইবার — ১৯৬৬ ও ২০০৬ সালে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পেরেছে তারা। এরপর থেকে তিনবার শেষ ষোলো, একবার গ্রুপ পর্ব এবং একবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগিজরা।
আরআর/আইএন








