পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচটিকে তিনি ‘আগাম ফাইনাল’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ম্যাচ শেষে স্পেন কোচ বলেন, ‘এটি ছিল দারুণ একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল দুটি অসাধারণ দল। ম্যাচের আগেই আমরা বলেছিলাম, এটি যেন আগাম ফাইনাল। শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে, তবে জয়ের প্রবল ইচ্ছা আমরা দেখিয়েছি। আমরা পূর্ণাঙ্গ একটি ম্যাচ খেলেছি। মূল খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে এবং দ্বিতীয়ার্ধে যারা মাঠে নেমেছে, তারা দলকে নতুন শক্তি জুগিয়েছে।’

এই জয়ের মাধ্যমে স্পেন তাদের অপরাজিত থাকার ধারাকে আরও দীর্ঘ করেছে। টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে লা রোজা, যার মধ্যে ৩০টি জয় এবং ৫টি ড্র।

এখন ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করতে স্পেনের দরকার আর মাত্র দুটি ম্যাচ অপরাজিত থাকা।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, লস অ্যাঞ্জেলেসে।

আরআর/আইএন