২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার ফুটবল বিশ্বের নজর ব্যালন ডি'অরের দিকে। বিশ্বকাপে পারফরম্যান্স এই পুরস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড হলেও, ক্লাব মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগে পারফরম্যান্সও বড় ভূমিকা রাখবে। ফলে ২০২৬ সালের ব্যালন ডি'অর দৌড়ে কয়েকজন তারকার মধ্যে জমে উঠেছে লড়াই।

রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)
২০২৪ সালের বিতর্কিত ব্যালন ডি'অরজয়ী রদ্রি আবারও অন্যতম দাবিদার। গুরুতর চোট কাটিয়ে ফেরার পর ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমটা খুব উজ্জ্বল না হলেও, বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কারও জিতেছেন তিনি। এই অর্জন তাকে আবারও ব্যালন ডি'অরের আলোচনায় এনে দিয়েছে।

ওসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স)
২০২৫ সালের ব্যালন ডি'অরজয়ী দেম্বেলেও রয়েছেন শক্ত অবস্থানে। পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো মৌসুমে ৪০ ম্যাচে ২০ গোল ও ১২ অ্যাসিস্ট করার পাশাপাশি বিশ্বকাপেও ৮টি গোলে সরাসরি অবদান রেখে নিজের দাবি আরও জোরালো করেছেন।

কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
রিয়াল মাদ্রিদের দলগত সাফল্য সীমিত হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১০ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এমবাপে। ফলে ব্যালন ডি'অরের দৌড়েও তিনি অন্যতম ফেভারিট।

হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)
বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন হ্যারি কেইন। জার্মান লিগ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থান এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টে ছয় গোলও করেন ইংলিশ অধিনায়ক।

লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)
৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে শুরুতে খুব বেশি আলোচনায় রাখা না হলেও বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স সব হিসাব বদলে দিয়েছে। আট ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের কারণে নবম ব্যালন ডি'অরের সম্ভাব্য দাবিদারদের তালিকায় আবারও উঠে এসেছে মেসির নাম।

এছাড়া লামিন ইয়ামাল ও খভিচা কাভারাস্কেলিয়ার মতো তারকারাও ভোট পেতে পারেন। তবে বর্তমান হিসাব অনুযায়ী রদ্রি, দেম্বেলে, এমবাপে, হ্যারি কেইন ও মেসিকেই ব্যালন ডি'অরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২৬ অক্টোবর। এবার পুরস্কারের জন্য বিবেচনা করা হবে জুলাই ২০২৫ থেকে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স।

আরআর/এসকেডি/এএসএম