স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল মেহজাবীন চৌধুরীর বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্নপূরণের দিনেই গ্যালারি থেকে দেখলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় এবং নরওয়ের কোয়ার্টার ফাইনালে ওঠার উল্লাস।

স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখার স্বপ্ন ছিল অনেক দিনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে স্মরণীয় সেই অভিজ্ঞতার দিনটি আরো বিশেষ হয়ে থাকল অন্য এক কারণে—চোখের সামনে দেখলেন ব্রাজিলের বিদায় আর নরওয়ের উল্লাস।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ের শেষ ষোলোর ম্যাচটি সরাসরি উপভোগ করেন মেহজাবীন। ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। গ্যালারিতে বসে পুরো নাটকীয় লড়াই উপভোগ করেন এই অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরীর ফেসবুক পেইজ থেকে নেওয়া

খেলা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বভাবসুলভ রসিকতায় মেহজাবীন লিখেছিলেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ ম্যাচ শেষে সেই পোস্ট নিয়েও ভক্তদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়।

খেলা চলাকালেও সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাস ভাগ করে নেন তিনি। তবে শুধু ম্যাচ উপভোগই নয়, এই সফর ছিল তার ব্যক্তিগত একটি স্বপ্ন পূরণেরও উপলক্ষ।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে মেহজাবীন বলেন, “স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল আমার অনেক দিনের বাকেট লিস্টের একটি স্বপ্ন। আলহামদুলিল্লাহ, এবার সেটি পূরণ হয়েছে। মাঠের পরিবেশ, হাজার হাজার দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস, আর সেই আবহ—সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। টিভিতে যতটা অনুভব করা যায়, স্টেডিয়ামে বসে তার অনুভূতি কয়েক গুণ বেশি। এই স্মৃতিটা সারা জীবন আমার সঙ্গে থাকবে।”

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ায় বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি মেহজাবীন। তার ধারণা ছিল, ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি হবে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত মাঠের লড়াইও তার সেই প্রত্যাশা পূরণ করেছে।

মেহজাবীন বলেন, “খেলা শুরুর আগে মনে হয়েছিল ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ব্রাজিল শক্তিশালী দল, কিন্তু নরওয়েকেও হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। নেইমারের প্রতি আমার ভীষণ সম্মান আছে, তবে সাম্প্রতিক সময়ে আমি হলান্ডেরও ভক্ত হয়ে গেছি। আমার মনে হয়, সে অসাধারণ একজন খেলোয়াড়। আর আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক, তাই হিসাবটা আমাকে নরওয়ের দিকেই টেনে নিয়েছিল।”

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না তার। কারণ, খুব শিগগিরই দেশে ফিরতে হবে তাকে। তবে নিজের সমর্থনের জায়গা থেকে আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাতে ভোলেননি এই অভিনেত্রী।

তার ভাষায়, “সম্ভবত আর্জেন্টিনার ম্যাচটি মাঠে বসে দেখা হবে না। তবে মন থেকে চাইব, তারা যেন ফাইনালে পৌঁছায়।”

প্রসঙ্গত, এর আগেও কোপা আমেরিকার একটি ম্যাচ দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন মেহজাবীন। এবার একই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচে উপস্থিত থেকে নিজের বহুদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি দেখলেন ব্রাজিলের বিদায় এবং নরওয়ের উৎসব।