বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, নাড়িয়ে দিয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও। কেউ প্রিয় দলের প্রতি আজীবনের ভালোবাসার কথা জানিয়েছেন, কেউ নেইমারকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন, আবার কেউ পরের বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছেন।
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই পরাজয়ে বিশ্বজুড়ে কোটি সমর্থকের মতো হতাশ হয়েছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের অনেক তারকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টে উঠে এসেছে ভালোবাসা, হতাশা, শ্রদ্ধা আর ভবিষ্যতের প্রত্যাশা।
সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর সোমবার ভোর ৫টা ১১ মিনিটে নিজের ফেসবুকে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় তাকে। মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপ প্রকাশ করেন এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে তটিনী লেখেন, “দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সবসময় আমি আমার দলের সঙ্গেই থাকব।”
ব্রাজিলের বিদায়কে ঘিরে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে তার অনুভূতির কেন্দ্রবিন্দু ছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।
সোমবার সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারের একটি প্রতীকী ছবি শেয়ার করেন তিনি। ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা অশ্রুসিক্ত নেইমারকে মাঠ ছাড়তে দেখা যায়। তার সামনে পড়ে আছে একটি রাজমুকুট, আর নিচে লেখা—‘থ্যাংক ইউ’।
ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, “একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!"
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই নেইমারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। কেউ আবার ব্রাজিলের বিদায় নিয়ে হতাশা প্রকাশ করেন।
অভিনেত্রী সাফা কবির অবশ্য প্রিয় দলের বিদায়ের সাক্ষী হয়েছেন গ্যালারিতে বসেই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সরাসরি দেখেছেন ব্রাজিল-নরওয়ের ম্যাচ।
ব্রাজিলের পরাজয়ের পর স্টেডিয়ামের বাইরে থেকে প্রকাশ করা এক ভিডিওতে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। ভিডিওতে বিষণ্ণ কণ্ঠে সাফা বলেন, “এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।”
ভিডিওর ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, “ইনশাআল্লাহ নেক্সট টাইম।”
তবে শুধু ব্রাজিল নয়, নিজের দেশকে নিয়েও বড় এক স্বপ্নের কথা জানিয়েছেন সাফা। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা আরেকটি ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দেখা যায় তাকে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।”
এবারের বিশ্বকাপে ব্রাজিলের বিদায় শুধু একটি ফুটবল ম্যাচের ফল নয়, বরং অসংখ্য সমর্থকের মতো দেশের শোবিজ তারকাদের কাছেও ছিল আবেগের একটি মুহূর্ত। কেউ আজীবনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ কিংবদন্তিকে সম্মান জানিয়ে বিদায়ের বার্তা লিখেছেন, আবার কেউ আগামী বিশ্বকাপে নতুন করে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন।








