বাস্তব জীবনে দম্পতি হলেও পর্দায় কখনো একে অপরের বিপরীতে দেখা যায়নি আলি ফজল ও রিচা চাড্ডাকে। এবার দিল্লিকে পটভূমি করে নির্মিত হতে যাওয়া  কমেডি ঘরানার একটি সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন এই তারকা যুগল।

বলিউডের জনপ্রিয় দম্পতি আলি ফজল ও রিচা চাড্ডা এর আগে ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করলেও কখনো একে অপরের বিপরীতে জুটি হয়ে অভিনয় করেননি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে নির্মাতা, লেখক ও অভিনেতা শশি ভার্মার নতুন একটি সিনেমার মাধ্যমে।

এখনো নাম চূড়ান্ত না হওয়া এই সিচুয়েশনাল কমেডি সিনেমাটি প্রযোজনা করছে সিনওয়ার্ক প্রোডাকশনস ও গিরিরাজ প্রোডাকশনস। এতে আলি ও রিচার পাশাপাশি অভিনয় করবেন কুমুদ মিশ্রা। দিল্লির ব্যস্ত ও বিশৃঙ্খল জীবনকে পটভূমি করে নির্মিত হবে সিনেমাটি।

শশি ভার্মা এর আগে ‘বালা’, ‘গুঞ্জন সাক্সেনা’ ও ‘কাঠাল’-এ অভিনয় করেছেন। পাশাপাশি ‘এ কে ফোর সেভেন’ ও ‘মুরগা ট্রফি’-এর চিত্রনাট্যও লিখেছেন। নতুন সিনেমাটির শুটিং চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের এপ্রিলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

নতুন এই প্রকল্প নিয়ে বেশ উচ্ছ্বসিত আলি ফজল। তিনি বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, সেরা কমেডিগুলো আসে বাস্তবধর্মী চরিত্র আর বিশ্বাসযোগ্য পরিস্থিতি থেকে। চিত্রনাট্যটি পড়েই বুঝেছিলাম, এতে বিশেষ কিছু আছে। রিচার সঙ্গে এবার সম্পূর্ণ নতুনভাবে পর্দায় কাজ করতে পারব—এটা ভেবেই ভালো লাগছে। আমরা একসঙ্গে কী তৈরি করতে পারি, সেটাই দেখার অপেক্ষায় আছি। শশি স্যারের কাজ আমি অনেক দিন ধরেই অনুসরণ করছি এবং সবসময় তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। সেটাও এই সিনেমায় যুক্ত হওয়ার বড় একটি কারণ।”

রিচা চাড্ডা বলেন, “এই গল্পের সরলতা আর লেখার স্বাভাবিকত্বই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। গল্পটি যেমন মজার, তেমনই আবেগপূর্ণ। একইসঙ্গে এতে দৈনন্দিন জীবনের বাস্তবতা এবং সমাজ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও রয়েছে। আলি আর আমি এর আগে একসঙ্গে পর্দায় এসেছি, কিন্তু কখনো এভাবে নয়। দর্শক আমাদের একেবারে নতুনভাবে দেখবেন, সেটা ভেবেই আমি রোমাঞ্চিত। গল্পটি আমাকে দিল্লির যমুনা পারে কাটানো স্কুলজীবনের কথা মনে করিয়ে দিয়েছে। আলির সঙ্গে আবারো পর্দা ভাগ করে নিতে আমি খুবই উচ্ছ্বসিত। সে অসাধারণ একজন অভিনেতা। এর আগে আমরা ‘ফুকরে’ সিনেমায় কাজ করেছি, যেখানে আমাদের চরিত্রগুলো একে অপরের প্রতিপক্ষ ছিল।”

সিনেমাটি নিয়ে পরিচালক শশি ভার্মা বলেন, “এটি মানুষ, সম্পর্ক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং জীবনের ছোট একটি ঘটনা কীভাবে একজনের পুরো জীবন ওলটপালট করে দিতে পারে, সেই গল্প। এই সিনেমায় দিল্লি নিজেই যেন একটি চরিত্র। আলি, রিচা ও কুমুদের মতো অভিনয়শিল্পীরা আমাদের তৈরি করা জগতকে আরো গভীরতা, স্বতঃস্ফূর্ততা ও প্রাণ এনে দেবেন। শুটিং শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

*হিন্দুস্তান টাইম অবলম্বনে