আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি পাওয়ার পর আগামী ১৭ জুলাই, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তিকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী প্রচারের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। 

সোমবার (৬ জুলাই) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘সিনেমা বিয়ন্ড দ্যা স্ক্রিন’ শীর্ষক বিশেষ আয়োজন। প্রায় দুই ঘণ্টার এই ইন্টারেক্টিভ সেশনে উপস্থিত ছিলেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, আমিনুর রহমান মুকুল, দীপক সুমন, মুকিত শিকদার এবং চলচ্চিত্রটির চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান। 

অনুষ্ঠানে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা অতিথিদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিভাগের সিনিয়র লেকচারার লাবনী আক্তার। 

আয়োজনের শুরুতেই প্রদর্শন করা হয় ‘মাস্তুল’ সিনেমার ট্রেইলার। এরপর নির্মাতা ও অভিনয়শিল্পীরা চলচ্চিত্রটির নির্মাণ অভিজ্ঞতা, শুটিংয়ের নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের স্মৃতি তুলে ধরেন। 

এ আলোচনায় ফজলুর রহমান বাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ে আসার উদ্দেশ্য শুধু সিনেমার প্রচার নয়, বরং নতুন প্রজন্মকে বাংলা চলচ্চিত্র নিয়ে ভাবতে উৎসাহিত করা।” 

বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা বদলে গেছে বলে মন্তব্য করেন ফজলুর রহমান বাবু। তার ভাষায়, “বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা বদলে গেছে। আগে ‘বাংলা সিনেমা’ বলতে আমরা যা বুঝতাম, এখন সেই জায়গাটা আর নেই। দর্শকের মধ্যেও গুণগত পরিবর্তন এসেছে। তাই আমরা চাই, আপনারা হলে গিয়ে সিনেমা দেখুন, আলোচনা করুন, সমালোচনা করুন।” 

একপর্যায়ে শিক্ষার্থীদের অনুরোধে চলচ্চিত্রটির প্রচার অনুষ্ঠানে ‘আমায় ভাসাইলি রে...’ গানটি পরিবেশন করেন ফজলুর রহমান বাবু। তার পরিবেশনায় মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। 

ইন্টারেক্টিভ এই আয়োজনে শিক্ষার্থীরা চলচ্চিত্রের গল্প, নির্মাণশৈলী, স্বাধীন চলচ্চিত্রের সম্ভাবনা এবং বাংলাদেশের সিনেমার পরিবর্তিত ধারা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরাও খোলামেলা আলোচনার মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেন। 

এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “আমি যে সিনেমা দেখতে চাই, সেটাই নির্মাণ করতে চাই। আমি বিশ্বাস করি, এই ধরনের সিনেমার জন্য বাংলাদেশে একটি নিবেদিত দর্শকশ্রেণি রয়েছেন। হয়তো সংখ্যায় খুব বড় নয়, কিন্তু দিন দিন সেই দর্শক বাড়ছে।” 

নারায়ণগঞ্জের নদীবন্দরকেন্দ্রিক প্রেক্ষাপটে নির্মিত ‘মাস্তুল’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, মুকিত শিকদার, শাহজাহান শোভন ও সিফাত বন্যা প্রমুখ। 

চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী। প্রচারের গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। কাস্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন যুবরাজ শামীম। ‘মাস্তুল’ প্রযোজনা করেছে সিনেমাকার, আর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে রয়েছে টঙঘর টকিজ।