ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলতে দেখা যায় না ভারতীয় অভিনেতা রাম কাপুরকে। তবে এবার নিজের অতীত প্রেমজীবন নিয়ে এমন এক স্বীকারোক্তি দিয়েছেন, যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের। বিয়ের ২৩ বছর পর অভিনেতা জানালেন, একসময় তিনি ছিলেন ‘প্লেবয়’। শুধু তাই নয়, বিয়ের আগে তার জীবনে ঠিক কতটি প্রেমের সম্পর্ক ছিল, সেই হিসাবও তার জানা নেই।
সম্প্রতি ‘লক আপ: সচ ইয়া সাজা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন রাম কাপুর। অনুষ্ঠানটির একপর্যায়ে সঞ্চালক শ্রেয়া কালরা তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, রামের জীবনে কতগুলো প্রেমের সম্পর্ক ছিল।
প্রশ্নটি শুনে প্রথমে হাস্যরসের সুরে জবাব দেন অভিনেতা। তিনি বলেন, ‘বিয়ের পর? একটাও নয়।’ এরপর বিয়ের আগের সম্পর্কের প্রসঙ্গ উঠতেই কোনো রাখঢাক না রেখেই নিজের অতীতের কথা স্বীকার করেন।
রাম কাপুর বলেন, ‘আমি প্লেবয় ছিলাম। আমার কতগুলো অ্যাফেয়ার ছিল, গুনে বলা সম্ভব নয়।’
অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার অকপট স্বীকারোক্তির প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, দীর্ঘ দাম্পত্য জীবনের পর নিজের অতীত নিয়ে এতটা খোলামেলা কথা বলার সাহস খুব কম তারকাই দেখান।
রাম আরও স্পষ্ট করে জানান, বিয়ের আগে তার জীবন যেমনই হোক না কেন, বিয়ের পর আর কোনো সম্পর্কে জড়াননি। তার কথাতেই উঠে এসেছে, ‘বিয়ের পর? একটাও নয়।’ এই একটি বাক্যও নেটিজেনদের মধ্যে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
বাড়ি-গাড়ি মিলিয়ে কত সম্পদের মালিক রণবীর সিং
উল্লেখ্য, ২০০৩ সালে অভিনেত্রী গৌতমী কাপুরকে বিয়ে করেন রাম কাপুর। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে এই তারকা দম্পতিকে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অন্যতম সফল জুটি হিসেবে দেখা হয়। বিভিন্ন সাক্ষাৎকারে গৌতমীর প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা একাধিকবার প্রকাশ করেছেন রাম।
ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন রাম কাপুর। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘কসম সে’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েব সিরিজ ও টক শোতেও নিয়মিত দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
আরও পড়ুন
হাতির দাঁত রাখার অভিযোগ, নতুন ঘোষণায় ফের চাপে মোহনলাল
তবে এবার অভিনয় নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া অকপট স্বীকারোক্তিই তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
এমএমএফ








