রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উৎসাহিত ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় রাজশাহীর কাজলা ফুলতলায় অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘অন্তর্ভুক্তিই অগ্রগতি—বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি মানুষ আমাদের সমান সম্ভাবনার অংশীদার।’

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা নৃত্য, গান ও কবিতা পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সহমর্মিতা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের প্রধান উদ্দেশ্য।রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব একটি সাংস্কৃতিক, সমাজকল্যাণমূলক ও উন্নয়নধর্মী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত তহবিল ও সদস্যদের অনুদানের মাধ্যমে পরিচালিত এ সংগঠনটি সদস্যদের আত্মোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি সানজিদ আহমেদ, সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানী, কোষাধ্যক্ষ শাকিলা হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক শামীমা নাসরিন সীমা, সাংস্কৃতিক সম্পাদক আফরোজা আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজিনা লাজ ও শাহনাজ মহল এবং সদস্য কল্পনা রায় ভৌমিক।

অনুষ্ঠানের শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।