কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন গান ‘সুইম’-এর বিরুদ্ধে ওঠা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ সরাসরি নাকচ করেছে তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক। প্রতিষ্ঠানটির দাবি, গানটি সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা অভিযোগের জবাব দেবে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানায়, ‘মামলায় আনা অভিযোগ একতরফা ও ভিত্তিহীন। “সুইম” একটি স্বাধীন সৃষ্টি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃঢ়ভাবে এর জবাব দেব।’
কী অভিযোগ
৮ জুলাই যুক্তরাষ্ট্রের তিন গীতিকার—স্টিভ কুপার, জন স্যান্ডলার ও গ্রেলিন জনসন মার্কিন আদালতে একটি কপিরাইট মামলা করেন। তাঁদের অভিযোগ, ২০২৫ সালের শুরুতে তাঁরা ‘সুইম’ নামে একটি ডেমো গান লিখে রেকর্ড করেছিলেন। পরে সেই গানই বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর প্রধান সিঙ্গেল হিসেবে প্রায় একইভাবে ব্যবহার করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ২০২৫ সালে লস অ্যাঞ্জেলেসে অ্যালবামের কাজ করার সময় বিটিএস বিভিন্ন গীতিকার ও প্রযোজকের কাছ থেকে গান শুনছিল। ওই সময় তাঁদের ডেমোটি শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল, যার মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠান আর্টিস্ট পাবলিশিং গ্রুপও ছিল।
বাদীপক্ষের দাবি, তাদের গানটি যুক্তরাষ্ট্রের কপিরাইট অফিসে নিবন্ধিত ছিল এবং পরে সেটি বিটিএসের ‘সুইম’-এর সঙ্গে অস্বাভাবিক মিল পাওয়া যায়।
সংগীতবিশেষজ্ঞের মতামত
মামলায় সংগীত বিশ্লেষক আলেকজান্ডার স্টুয়ার্টের একটি প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর মত, ‘দুটি গানের মধ্যে এমন মিল রয়েছে যে স্বতন্ত্রভাবে একই ধরনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া যায়, নকলই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা।’
মামলায় অভিযুক্ত করা হয়েছে হাইব, হাইব আমেরিকা, বিগ হিট মিউজিক এবং ‘সুইম’-এর স্বীকৃত গীতিকারদের, যাঁদের মধ্যে রয়েছেন ডেরিক মিলানো, জেমস এসিয়েন ও রায়ান টেডার।

তবে বিটিএসের সদস্যদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি। একইভাবে দলের নেতা আরএম এবং প্রযোজক পি-ডগের নামও আসামির তালিকায় নেই, যদিও তাঁরা গানের সহলেখক হিসেবে স্বীকৃত।
গীতিকারেরা আদালতের কাছে ‘সুইম’-এর ব্যবহার বন্ধের নির্দেশ, ক্ষতিপূরণ এবং গান থেকে অর্জিত আয়ের একটি অংশ দাবি করেছেন। বিকল্প হিসেবে তাঁরা নিজেদের গানটির সহলেখক হিসেবে স্বীকৃতি দেওয়ারও আবেদন করেছেন।
লন্ডনে রেকর্ড গড়ল বিটিএসগত দুই মাসে যুক্তরাষ্ট্রে হাইবের বিরুদ্ধে এটি তৃতীয় কপিরাইট মামলা। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসভিত্তিক চার গীতিকার অভিযোগ করেন, নিউজিনসের ‘হাউ সুইট’ গানটি তাঁদের একটি ডেমোর ওপর ভিত্তি করে তৈরি। এরপর চলতি সপ্তাহে নিউইয়র্কভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান অল সারফেস পাবলিশিং ‘ইটিএ’ গান নিয়েও নতুন মামলা করে।
এদিকে বিতর্কের মধ্যেই বিটিএসের ‘সুইম’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে অভিষেক করেছে। একই সঙ্গে অ্যালবাম ‘আরিরাং’ও বিলবোর্ড ২০০-এর ১ নম্বরে উঠে এসেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে








