বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে চলা ৯ কোটি রেুপির চেক বাউন্স মামলায় তিন মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন দিল্লি হাই কোর্ট। তবে আদালতের এই রায়ের পর ভেঙে না পড়ে বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাভাবিক উপস্থিতি বজায় রেখে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেতা।
শুক্রবার (১০ জুন) দিল্লি হাই কোর্ট রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই মামলায় ১১ দিন তিহার কারাগারে থাকতে হয়েছিল তাকে। পরে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আদালতের দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আবারও কারাদণ্ডের মুখে পড়েন তিনি।
রায়ের পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিখ্যাত মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র শেয়ার করেন রাজপাল। ভিডিওটিতে তার সঙ্গে দেখা যায় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। সেখানে নানা ধরনের খাবার পরিবেশন করতে দেখা যায় অক্ষয়কে। পরে তিনি জানান, সব খাবারই তৈরি করেছেন রাজপাল, আর এর কৃতিত্ব ওই মসলার।
আদালতের রায়ের পর এমন হাস্যরসাত্মক বিজ্ঞাপন শেয়ার করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ভক্তদের একাংশের মতে, কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের স্বাভাবিক জীবনযাপন ও কাজের প্রতি মনোযোগ ধরে রেখেছেন রাজপাল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
আরও পড়ুন
বিয়ের পাঁচদিন পরেই সুখবর দিলেন আমির খান
মামলার সূত্রপাত ২০১০ সালে। ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মুরালি প্রজেক্ট নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। পরে সেই অর্থের বিপরীতে দেওয়া চেক বাউন্স হলে বিষয়টি আদালতে গড়ায়।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। কারাগারে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বকেয়া অর্থ পরিশোধে সহায়তা করার মতো কোনো বন্ধু তার নেই।
এর আগে ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তার স্ত্রীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে তারা দিল্লি হাই কোর্টে আপিল করলে সেই সাজা স্থগিত করা হয়। ২০২৪ সালেও আদালত তাদের দোষী সাব্যস্ত করলেও বকেয়া অর্থ পরিশোধের সুযোগ দিয়ে সাজা স্থগিত রেখেছিলেন।
আরও পড়ুন
চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড
আদালতের তথ্য অনুযায়ী, রাজপাল যাদব এখন পর্যন্ত দুই দফায় ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করেছেন। তবে বাকি অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত এবার তাকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
এমএমএফ








