একটি চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে শুধু অভিনয়ই যথেষ্ট নয়। পোশাক, মেকআপ, চুলের বিন্যাস, রঙের ব্যবহার কিংবা ছোট্ট একটি অলংকারও চরিত্রের ব্যক্তিত্ব ও মানসিক অবস্থাকে ফুটিয়ে তোলে। তাই আধুনিক চলচ্চিত্রে কস্টিউম ও লুক ডিজাইন এখন গল্প বলার গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের এই ক্ষেত্রেও ধীরে ধীরে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করছেন কস্টিউম ও লুক ডিজাইনার ফারজানা এ্যানি।

আরও পড়ুন

কেক কাটতে গিয়ে থমকে গেলেন পূর্ণিমা, বের হলো রহস্যময় উপহার

গত কয়েক বছরে দেশের সিনেমা ও ওয়েব সিরিজে ভিজ্যুয়াল উপস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চরিত্রভিত্তিক লুক ডেভেলপমেন্ট, কস্টিউম রিসার্চ এবং মুড বোর্ড তৈরির প্রবণতা বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ ফারজানা এ্যানির লুক ডিজাইন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে মেহেজাবিন চৌধুরী, আরেফিন জিলানী ও প্রীতমের চরিত্রে দেখা গেছে একেবারে ভিন্নধর্মী ভিজ্যুয়াল উপস্থাপনা।

ফারজানা এ্যানির মতে, একজন লুক ডিজাইনারের কাজ শিল্পীকে শুধু আকর্ষণীয় করে তোলা নয়; বরং চরিত্রের ভেতরের গল্পকে দৃশ্যমান করে তোলা। দর্শক যেন চরিত্রটিকে দেখেই তার জীবনধারা, মানসিক অবস্থা ও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পান- সেই লক্ষ্যেই প্রতিটি চরিত্রের জন্য আলাদা মুড বোর্ড তৈরি করা হয়। গথিক নান্দনিকতা, ডার্ক কালার প্যালেট, কে-পপ স্টাইল এবং সমসাময়িক ফ্যাশনের নানা উপাদান মিলিয়ে গড়ে তোলা হয় প্রতিটি চরিত্রের স্বতন্ত্র লুক।

তবে এই প্রক্রিয়া মোটেও সহজ নয়। কারণ বাস্তবে একটি পোশাক যেমন দেখায়, ক্যামেরার আলো, ফ্রেমিং ও কালার গ্রেডিংয়ের কারণে পর্দায় তার রূপ বদলে যেতে পারে। তাই পরিচালক, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট এবং কস্টিউম টিমের সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়েই তৈরি হয় একটি চরিত্রের চূড়ান্ত লুক।

কাজের স্বীকৃতিও পেয়েছেন ফারজানা এ্যানি। চরকি অ্যাওয়ার্ডস-এ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘ওভারট্রাম্প’ সিরিজের জন্য ক্রিটিকস চয়েস বিভাগে সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে মনোনয়ন পান। এছাড়া ‘বাইফা অ্যাওয়ার্ডস ২০২৫’- এ বেস্ট কস্টিউম ডিজাইনার সম্মাননাও অর্জন করেন তিনি।

ব্যক্তিগতভাবে এ্যানি বিশ্বাস করেন, ফ্যাশনের আসল সৌন্দর্য স্বকীয়তায়। তাই প্রতিটি নতুন প্রজেক্টে আন্তর্জাতিক মানের গবেষণা, নতুন টেক্সচার এবং ভিন্নধর্মী ভিজ্যুয়াল ভাষা নিয়ে কাজ করতে চান তিনি।

আরও পড়ুন

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’, চার বছর পর প্রশ্ন পরীমনির

আজকের বাংলাদেশের চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টে লুক ডিজাইনের যে নতুন ধারা তৈরি হচ্ছে, তার নেপথ্যে নীরবে কাজ করে যাচ্ছেন ফারজানা এ্যানির মতো সৃজনশীল শিল্পীরা। দর্শক পর্দায় যে চরিত্র দেখে মুগ্ধ হন, তার পেছনে থাকে তাদেরই সূক্ষ্ম পরিকল্পনা ও শিল্পসত্তার ছোঁয়া।

 

এলআইএ