যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার শুরু হওয়া নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।
আরও পড়ুন
‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’, চার বছর পর প্রশ্ন পরীমনির
নাটকের গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ পরিবারকে ঘিরে। পরিবারের কর্তা দাদার একটাই স্বপ্ন- যেন কোনোভাবেই সংসারটি ভেঙে না যায়। একই ছাদের নিচে চাচা-চাচি, ভাই-বোনসহ সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেন তিনি। কিন্তু পরিবারের মেজো ছেলে আলাদা হয়ে যেতে চাইলে শুরু হয় দ্বন্দ্ব। সেই টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, আহসানুল হক মিনু, শামীম জামান, আ খ ম হাসান, আমিনা লাবিন, রোবেনা রেজা জুঁই, ফারজানা আহসান মিহি, আলিফ চৌধুরী, শেলী আহসান, সূচনা শিকদার, জয়রাজ, রিপা রঞ্জনা ও এম এ সালামসহ আরও অনেকে।
নির্মাতা শামীম জামান জানান, নাটকটিতে পারিবারিক সম্পর্কের আবেগ, সামাজিক বাস্তবতা এবং প্রেমের গল্প একসঙ্গে উঠে আসবে। দর্শকদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।
আরও পড়ুন
পূর্ণিমাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্বামী
আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নির্মিত ধারাবাহিকটির প্রযোজক অনন্য ইমন। প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে। দর্শকপ্রিয়তা পেলে পর্বসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘এক পাতিলের সংসার’।
এলআইএ








