বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা, বিতর্ক ও সমর্থনের লড়াই। এই আবহকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’, যেখানে প্রচলিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাস্যরসাত্মক দ্বন্দ্বের বাইরে উঠে এসেছে ফুটবলকে ঘিরে জুয়া, অপরাধচক্র ও রহস্যের এক ভিন্ন গল্প।

নির্মাতা দীপু হাজরার পরিচালনায় নির্মিত নাটকটি আজ (১১ জুলাই) বঙ্গতে মুক্তি পাচ্ছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরী, যার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা।

গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া আয়ান ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে অসাধারণ ভবিষ্যদ্বাণী করতে পারে। তার প্রায় প্রতিটি পূর্বাভাসই সত্যি হতে থাকায় সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে। অল্প সময়েই পেজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আয়ানের ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা করে অনেকে বড় অঙ্কের জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়, যখন হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আয়ান। আর সেই নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরেই শুরু হয় নাটকের মূল রহস্য।

শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। নাটকে তিনি একজন উদীয়মান ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ‘অক্টোপাস ভাই’ পেজের সন্ধান পান এবং আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেই সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হলে সত্য উদ্ঘাটন ও তাকে খুঁজে বের করার অভিযানে নামেন এই সাংবাদিক।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত অধিকাংশ নাটকেই কমেডির প্রাধান্য থাকে। কিন্তু ফুটবলকে ঘিরে সমাজে জুয়া, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মতো অন্ধকার দিকও রয়েছে। আমরা সেই বাস্তবতাকে একটি রহস্যঘন গল্পের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, যা নাটকটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।”

‘ফুটবল হট্টগোল’-এ আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।