বিয়ানীবাজারে প্রেমিকের সঙ্গে পালানো চেষ্টার ঘটনায় বাবার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া নামে কিশোরী নিহত হয়েছে। শুক্রবার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় কিশোরী তার নানাবাড়িতে অবস্থান করছিল। তার বাবা আবু বক্কর গোলাপগঞ্জের উত্তর রায়গড় এলাকার বাসিন্দা এবং অটোরিকশাচালক। জানা যায়, গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার শাহিন নামে যুবকের সঙ্গে প্রেম করে ওই কিশোরী এক বছর আগে ঘর থেকে পালিয়ে যায়। এক মাস পর পরিবার তাকে ফিরিয়ে আনে। বুধবার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে আবার পালানোর চেষ্টা করে রিয়া। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে আটকায়।

প্রেমিকের সঙ্গে পালানোর পর থেকে সে নানার বাড়িতে থাকত। এ ঘটনায় তার বাবাসহ পরিবারের লোকজন রিয়ার ওপর ক্ষিপ্ত ছিলেন। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছুবেদ আলী বলেন, গত পরশু আবার পালানোর চেষ্টার সময় মেয়েটির বাবা তাদের গাড়ি আটক করে মেয়েকে নিয়ে আসেন। পরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেটে প্রেরণ করা হয়েছে।