ফরিদপুরের বোয়ালমারীতে ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে বৈদ্যুতিক লাইটের খুঁটির সঙ্গে টানানো জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। মৃত মামুন ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচাকক। জানা যায়, গবাদিপশুর জন্য ঘাস কাটতে বৃহস্পতিবার সকালে স্থানীয় জাহিদুল সিকদারের পুকুরপাড় দিয়ে মাঠে যাচ্ছিলেন মামুন। এ সময় পুকুরের চারপাশে স্থাপিত বৈদ্যুতিক লাইটের একটি খুঁটির সঙ্গে টানানো জিআই তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পানির ট্যাংকে বৈদ্যুতিক মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার উপজেলার পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর (৬০) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে বৃদ্ধ আবু বক্কর নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।