বোয়ালমারীতে পাঞ্জেরী মডেল মাদ্রাসার লিজ নেওয়া রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি শামসউদ্দিন মিয়া ঝুনুর বিরুদ্ধে। মাদ্রাসা প্রাঙ্গণে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ ও পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান। তবে অভিযোগ অস্বীকার করেছেন শামসউদ্দিন মিয়া ঝুনু। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠানের পক্ষে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে রেলওয়ের ১ একর জমি লিজ নেওয়া হয় এবং ২০০৫ সাল পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। পরে ১৯৯৬ সালের ৩০ ডিসেম্বর আরও ০.৬৬ একর জমি লিজ নেওয়া হয়, যার খাজনা ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত পরিশোধ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০১০ সাল থেকে শামসউদ্দিন মিয়া ঝুনু প্রভাব খাটিয়ে লিজকৃত জমি জোরপূর্বক দখলে রাখেন। পরে ওই জমি প্লট আকারে ভাগ করে অন্যদের কাছে কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

সংবাদ সম্মেলনে সাবেক অধ্যক্ষ ও লিজগ্রহীতা আবুল কাশেম মাহমুদ বলেন, রেলওয়ের নীতিমালা অনুযায়ী ব্যক্তির নামে লিজ নেওয়া হলেও তা প্রতিষ্ঠানের স্বার্থেই করা হয়েছিল। বর্তমানে জমিটি অবৈধভাবে দখলে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে শামসউদ্দিন মিয়া ঝুনু বলেন, তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকেই বৈধভাবে জমি লিজ নিয়েছেন। অন্য কারও লিজকৃত জমি দখল করেননি। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।