ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আরিফুল ইসলাম উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে কসবার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার (৭ জুলাই) তিনি মারা যান।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের আলী হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

স্থানীয়দের ভাষ্য, আরিফুল ইসলাম ও আলী হোসেন একই এলাকায় বসবাস করেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। পূর্ববিরোধ বা ঋণ–সংক্রান্ত কোনো বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযুক্ত আলী হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।