পুলিশের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত বিশেষায়িত দুই ইউনিট—অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের এই ইউনিট দুটির নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার প্রস্তাব বা উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জিও শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, বৈশ্বিক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি বেশ পরিচিত ও সাধারণ। এই নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম সমন্বয় করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময়ের সাথে সাথে এই দুই ইউনিটের কাজের পরিধি শুধু জঙ্গি বা সন্ত্রাসবাদ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ নানা আধুনিক অপরাধ দমনেও তারা কাজ করছে। ফলে একটি সামগ্রিক ও আধুনিক নাম দেওয়ার উদ্দেশ্যে এই পরিবর্তনের প্রস্তাব এসেছে।







