কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। উচ্চশব্দে মাইক বাজানোর প্রতিবাদ করায় তার ওপর এই হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত শিক্ষার্থীর নাম আয়েশা আফরিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। সোমবার (৬ জুলাই) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আয়েশার বাসার সামনে একটি মাজারের চাঁদা সংগ্রহ উপলক্ষে উচ্চশব্দে মাইক বাজানো হচ্ছিল। এতে পড়ালেখায় ব্যাঘাত ঘটায় রোববার (৫ জুলাই) সকালে তিনি মাইকের শব্দ কমাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি সরে যান। তখন কোপটি তার কপাল ও চোখের ওপর লাগে।হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা আফরিন বলেন, ‘আমি শুধু পড়ার পরিবেশ চেয়েছিলাম। এ জন্য আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’আয়েশার মা আছমা আক্তার অভিযোগ করেন, এলাকায় আসার পর থেকেই স্থানীয় কিছু লোক তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। তার ছোট মেয়েকেও দীর্ঘদিন ধরে উত্যক্ত করা হচ্ছে।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।/