নিখোঁজের পরদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইজিবাইক চালকের এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অলিউল্লাহ। সোমবার বিকালে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের মো. হারুন রশীদের ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায়, অলিউল্লাহ রোববার বিকালে সোনারগাঁর বারদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের দিকে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। খোঁজাখুজির পর তাকে না পেয়ে সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।