কটিয়াদীতে প্রবাস ফেরত যুবক শফিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বিকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর ঝিড়ারপাড় চৌকিদার বাড়ির মোড়ে মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন লোহাজুরী ইউপি সদস্য জসিম উদ্দিন, নিহতের বাবা আব্দুল কাদির, খালেদা আক্তার, মো. শফিক, খালাতো ভাই খোকন মিয়া, মামলার বাদী নিহতের বড় বোন বেগম প্রমুখ। উল্লেখ্য, ২৭ জুন সন্ধ্যার পর প্রবাস ফেরত শফিকুল ইসলাম দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে তার বাড়ি থেকে রসুলপুর বাজারে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল ইসলাম দক্ষিণ ঝিড়ারপার গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি সাত বছর প্রবাস জীবন শেষে বাড়িতে এসে কৃষি কাজে নিয়োজিত ছিলেন। মানববন্ধনে নিহতের স্ত্রী রিমা আক্তার বলেন, ‘বাড়ির জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাজারে যাওয়ার পথে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এখন আসামিরা আমাকে এবং আমার দুই শিশু সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে।’
