ধর্মপাশায় নদীতে জাল ফেলে এবং মহম্মদপুরে গাব গাছ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। মির্জাপুরে নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ। ডাসারে মহাসড়কের পাশে এবং ব্রাহ্মণপাড়ায় বাথরুমে মিলেছে আরও দুই লাশ। যুগান্তর প্রতিনিধিরা জানান- সুনামগঞ্জের ধর্মপাশায় চুনাই নদীতে জাল ফেলে ফজলুল হক (৭৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। সোমবার বিকালে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের পেছনে নদীতে জাল ফেললে ওই বৃদ্ধের লাশ উঠে আসে। জানা গেছে, সোমবার দুপুরে নিজ বাড়ির পেছনে চুনাই নদীর ঘাটে গোসলের সময় পড়ে যাওয়া বাটি তুলতে গিয়ে নদীর স্রোতের টানে তিনি তলিয়ে যান। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সোমবার বিকালে উপজেলার বংশাই নদীর ওপর নির্মিত আলহাজ একাব্বর হোসেন সেতুর নিচে লাশটি ভাসতে থাকতে দেখেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সেতুর নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। লাশটির চারপাশে কয়েকটি কাক দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। উজান থেকে স্রোতে ভেসে আসা লাশটিকে দুই-তিন দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানিতে পচে ফুলে ওঠায় লাশটি ভেসে উঠেছে। মাগুরার মহম্মদপুরে রাজ্জাক মোল্যা (৭৫) নামে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের মোল্যাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি গাব গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভাতিজা রিপন মোল্যার স্ত্রী আসমা খাতুনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শনিবার তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় রাজ্জাক মোল্যাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি স্থানীয়দের। মাদারীপুরের ডাসারে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মেলকাই নামক স্থান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে স্থানীয়রা রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ওসি জহিরুল আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় বেড়াতে গিয়ে মো. জুনায়েদ (১৬) নামের কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মানসিক ভারসাম্যহীন। স্বজনরা জানান, গত বুধবার সকালে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বোনের উপজেলার উত্তর শশীদল পূর্বপাড়ায় বোনের বাসায় বেড়াতে যায়। রোববার রাতে ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।
