পবিত্র কাবা শরিফের চিত্র কুৎসিতভাবে ফেসবুকে প্রকাশ করা সেই হিন্দু যুবক শিমুল কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মামলার খবর পেয়ে নাটোরে জামিনের জন্য এলে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিমুল কর্মকার পৌর শহরের গুরুদাসপুর মহল্লার বাসিন্দা। তার বড় ভাই পলাশ কর্মকার ইস্কনের সক্রিয় নেতা। জানা গেছে, শনিবার রাতে যুবক নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পবিত্র কাবা ঘর, মক্কা ও মদিনার বেশ কয়েকটি ছবি বিকৃত করে প্রচার করে। ঘটনাটি নজরে এলে রোববার সকাল থেকেই ফুঁসে ওঠেন গুরুদাসপুরের মুসলিমরা। তাকে গ্রেফতারের দাবিতে দিনভর বিক্ষোভ ও রাতে মশাল মিছিল হয়। এদিকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করা হয়। এতে অভিযুক্ত শিমুল কর্মকারকে গুরুদাসপুর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সমাজচ্যুত করা হয়। এ সময় রাধাগোবিন্দ্র মন্দির কমিটির সভাপতি পুলক সরকার ও সাধারণ সম্পাদক উত্তম কুমার কুণ্ডু বলেন, গুরুদাসপুরের হিন্দু-মুসলিম দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। কিন্তু ইস্কনের সদস্যরা সাম্প্র্রদায়িক শান্তি নষ্ট করতে কাজ করছে। ইসলাম ধর্ম নিয়ে শিমুল কর্মকারের কটূক্তি করা তারই অংশ। ওসি মুঞ্জুরুল আলম বলেন, আসামিকে গ্রেফতার করে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
