নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা করেছেন সিজানের মা শিল্পী বেগম। মামলায় স্থানীয় মসজিদের ইমাম ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ওলামা দলের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে। সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলাটি করা হয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
এজাহারনামীয় আসামিরা হলেন পশ্চিম মাসদাইরের আল ফালাহ জামে মসজিদের ইমাম ও খেলাফত মজলিসের সদর থানা শাখার সাবেক সহসভাপতি মুফতি কাউছার আহাম্মেদ কাসেমী, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল গনি, জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানার আহ্বায়ক জিলানী ফকির, একই এলাকার বাসিন্দা আজহার রাজমিস্ত্রি, সাইদুল ও আলম। অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার বিকালে অনিক নামে এক যুবককে মোবাইল চোর সন্দেহে আটকে পশ্চিম মাসদাইরের আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ের সামনে মারধর করে আসামিরা। অনিকের ভাষ্যে তারা বিকাল চারটায় সিজানকে বাসার সামনে থেকে ধরে নিয়ে মারধর করে। সিজানকে ওই অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
