কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় আলোচিত রাশিদা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সোমবার উপজেলার মহেশপুর এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন হয়। এ সময় হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ওই কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরোধের জেরে ২৫ জুন দুপুরে মহেশপুর বাজারে প্রকাশ্যে রাশিদা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ সময় এজাহারভুক্ত সব আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করা হয়। উল্লেখ্য, নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের স্ত্রী। গত ২৫ জুন দুপুরে তিনি কয়েকটি গরু নিয়ে বাবার বাড়ি কামাল্লা গ্রামে যাওয়ার পথে মহেশপুর বাজারে প্রকাশ্যে হামলার শিকার হন।
স্থানীয়দের সামনেই তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
