মানিকগঞ্জের সাটুরিয়ায় সুফিয়া খাতুন (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. ইসমাইল হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বেপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারে কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সুফিয়া খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনকে থানায় নিয়ে যায়।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সুফিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের ছেলে ইসরাফিলের (২৫) দাবি, তার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং তিনি আত্মহত্যা করেছেন।তবে ছেলের দাবি নাকচ করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বড় ভাই রমজান আলী। তিনি বলেন, ‘আমার বোন কোনো অবস্থাতেই আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিহতের হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।/