অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ চালুসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। রোববার সকালে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অন্যতম গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। ফলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জেলার উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের এ বঞ্চনা দূর করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। সমাবেশ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ চালু, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস লাইনের স্থায়িত্ব নিশ্চিত করা, গ্যাসের লোড বৃদ্ধি, জেলার এমএস পাইপ নেটওয়ার্ক পরিবর্তন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং ট্রান্সমিশনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের জন্য ৫০ শতাংশ নিয়োগ নিশ্চিত করা এবং জেলার গ্যাসক্ষেত্র থেকে সরকারের অর্জিত মোট আয়ের ৫০ শতাংশ জেলার উন্নয়ন কাজে ব্যয় করা।