সোনালী কাবিনের কবি খ্যাত আল মাহমুদের স্মরণে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণাকেন্দ্র এবং স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে। বৃহস্পতিবার স্মরণোৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর আগে সকালে কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকালে অনুষ্ঠানে আলোচনা সভা, কবি আল মাহমুদ গবেষণাকেন্দ্র এবং স্মৃতি পরিষদের কবির কবিতা পাঠ ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জুলাই কবি আল মাহমুদ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও কথাসাহিত্যিক মো. আবু সাঈদ। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া কবি আল মাহমুদ গবেষণাকেন্দ্র এবং স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মো. জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক। আলোচক ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সাংবাদিক, কবি ও সাহিত্যিক ইমরান মাহফুজ, কবি ও সাহিত্যিক আশিক রেজা। বক্তব্য দেন-কবি আল মাহমুদ গবেষণাকেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদত, সম্পাদক লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া উইজডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মোনায়েম।








